July 13, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বরিশালে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই, ২০২৬) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় তিনি নারিকেল ও নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top