ডেস্ক রিপোর্টঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং রাষ্ট্রের কল্যাণে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কারও প্রতি তাঁর কোনো রাগ বা অনুরাগ থাকবে না; দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য।
বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাবো।”
তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য থাকতে হবে। একই সঙ্গে প্রত্যেককে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
রাষ্ট্রপতি বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, বঙ্গভবন শুধু একটি সরকারি ভবন নয়; এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এর মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।











