ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, রিসোর্স সার্কুলেশন এবং সার্কুলার ইকোনমি বাস্তবায়নে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।
বুধবার (১৫ জুলাই, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়া রিসোর্স সার্কুলেশন এজেন্সি (KORA)-এর চেয়ারম্যান মি. লি মিয়ুং হোয়ানের নেতৃত্বে আগত ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কোরিয়ান প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে বাংলাদেশে রিসোর্স সার্কুলেশন ব্যবস্থা উন্নয়ন, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (EPR) সিস্টেমের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়ন, পুনঃচক্রায়ন (রিসাইক্লিং) অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে KORA-এর চেয়ারম্যান মি. লি মিয়ুং হোয়ান বলেন, দক্ষিণ কোরিয়া বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনঃচক্রায়ন খাতের উন্নয়নে কোরিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে তারা আন্তরিকভাবে আগ্রহী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি এ খাতে কোরিয়ার কারিগরি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।











