July 15, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • স্পীকার কর্তৃক কাতারের আমিরের নিকট প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর

স্পীকার কর্তৃক কাতারের আমিরের নিকট প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) তারিখ অপরাহ্নে লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

তিনি এসময় কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত প্রয়াত আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ-কাতার ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি সুদৃঢ়করণে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। শোকবার্তা হস্তান্তরের পর স্পীকার কাতারের শুরা কাউন্সিলের স্পীকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর পূর্বে স্পীকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ দুপুরে দোহায় পৌঁছেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং কাতারের আমির-ই-দিওয়ান এর প্রতিনিধি স্পীকারকে স্বাগত জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু কাতারের সাবেক মহামহিম আমির শেখ হামাদ এর মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই ২০২৬ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে আজ বুধবার, ১৫ জুলাই ২০২৬, বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Scroll to Top