July 4, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জুলাই শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার সর্বোচ্চ সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি, জীবনমান উন্নয়ন, পূর্ণাঙ্গ পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র ও দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদের আত্মত্যাগের মূল্যায়ন করবে। একই সঙ্গে যেভাবে আপনাদের আপনজনকে হত্যা করা হয়েছে, সেই অন্যায়ের জন্য দায়ীদের বিচার অবশ্যই এ দেশের আইনেই হবে।”

তিনি আরও বলেন, জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতেই সম্পন্ন হবে এবং বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বৈরাচার যেমন মানুষের প্রতি অবিচার করেছে, বিচারের নামে যেন কারও প্রতি অন্যায় না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা, কওমী ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী, আয়োজক সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আওয়াল।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। বক্তব্য দেন শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেইন, শহীদ শাহরিয়ার হোসেন আলভীর বাবা আবুল হোসেন, শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম এবং যাত্রাবাড়ীতে শহীদ মিরাজ হোসেনের বাবা আবদুর রব মিয়া।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত শাহিন মালু, সুজন মোল্লা, মিল্লাত হোসেন, আল-আমীন ও মেহেদি হাসান মিরাজ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

জুলাই জাতীয় সম্মেলনে রাজনীতিবিদ, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

Scroll to Top