ডেস্ক রিপোর্টঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।


পরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ডিএমসি-ডে ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর প্রধানমন্ত্রী কলেজ ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য খাতের উন্নয়ন, আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং জনসেবামুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে উপস্থিত চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।











