ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার (৫ জুলাই, ২০২৬) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নমূলক প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা এবং বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











