July 21, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি: রাজনৈতিক নেতাদের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি: রাজনৈতিক নেতাদের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।”

সোমবার (২০ জুলাই, ২০২৬) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ধৈর্য ও সংযমের সঙ্গে কাজ করতে হবে। জোট নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আমি ছোট ভাই হিসেবে আপনাদের বলবো, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশার জায়গাগুলো আগে খুঁজে বের করে তা পূরণ করার চেষ্টা করি। এটা করতে গিয়ে আমাদের মধ্যে কোনো কোনো জায়গায় দ্বিমত হতে পারে, তবে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।”

প্রধানমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতি জনগণের সমর্থনই তাদের মূল শক্তি। তিনি বলেন, “জনগণের সমর্থন বিএনপিসহ সকল যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তাই আমাদের শক্তি ও জোর ততক্ষণ থাকবে, যতক্ষণ জনগণের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আল্লাহর রহমতে সেই সমর্থন আমাদের সঙ্গে আছে। কাজেই আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, তাহলে ৩১ দফা কিংবা জুলাই সনদের আলোকে আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো, ইনশাআল্লাহ।”

বক্তব্য শেষে কুশল বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন ইসলামী ঐক্যজোটের শওকত আমিন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Scroll to Top