ডেস্ক রিপোর্টঃ
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
রোববার (২৬ জুলাই, ২০২৬) সকাল ১১টা ৪০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং পুরো পরিবেশে শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয়।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সকাল ১১টা ৪৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











