ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা সাধারণ মানুষের কাছে ‘আয়নাঘর’ নামে পরিচিত, তা সরেজমিনে পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারক প্যানেল ও প্রসিকিউশন টিম।
শনিবার (১ আগস্ট, ২০২৬) বেলা ১১টার দিকে উত্তরায় র্যাব-১-এর প্রধান কার্যালয়ে অবস্থিত ওই টিএফআই সেল পরিদর্শন করেন তারা। মানবাধিকার লঙ্ঘন, জোরপূর্বক গুম এবং শারীরিক নির্যাতনের অভিযোগসংক্রান্ত বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।
পরিদর্শনকারী বিচারক প্যানেলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রসিকিউশন দলের সদস্যদের মধ্যে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার এবং তাসমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরিদর্শনকালে আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।











