ডেস্ক রিপোর্টঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল ফোনে কল ড্রপ, নেটওয়ার্কের নিম্নমান এবং ভয়েস ও ডাটা প্যাকেজের মূল্য নিয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনসহ মোবাইল অপারেটরদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় গ্রামীণফোন আয়োজিত “Digital Inclusion for Marginalized Communities – Phase II” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী যেন সমানভাবে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সারা দেশে ডিজিটাল সংযোগ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনে অর্থবহ ডিজিটাল অন্তর্ভুক্তি, ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

ফকির মাহবুব আনাম দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ সেবা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল রূপান্তরের যাত্রায় কোনো অঞ্চল যেন পিছিয়ে না থাকে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে সহজপ্রাপ্য ও মানসম্মত যোগাযোগসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মোবাইল অপারেটরদের উদ্দেশে বলেন, ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা ও স্বার্থকেও সমান গুরুত্ব দিতে হবে। গ্রাহকদের জন্য সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং মানসম্মত সেবা নিশ্চিত করাই সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোনের “Digital Inclusion for Marginalized Communities – Phase II” কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।











