August 1, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • যুক্তরাষ্ট্রকে কৃষি, ওয়্যারহাউজিং ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রকে কৃষি, ওয়্যারহাউজিং ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি খাত এবং তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে দেশে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত সার্জিও গর (Sergio Gor) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট এবং বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আস্থা রয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। এই আস্থার প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে বিদ্যমান ভ্রমণ সতর্কতা (Travel Advisory) ইতিবাচকভাবে সংশোধন করেছে বলে জানান তিনি। এর ফলে বাংলাদেশে বিনিয়োগের জন্য মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মার্কিন বিশেষ দূত বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে সার্জিও গর রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর সহযোগিতায় বাংলাদেশে পুনরায় টেস্টিং কার্যক্রম চালুর বিষয়েও দুই পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।

প্রধানমন্ত্রী এ সময় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ওয়্যারহাউজিং অবকাঠামো, সয়াবিন, তুলা, গম এবং অন্যান্য কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগ দেশের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরে তিনি মার্কিন বিনিয়োগ আহ্বান জানান। এ প্রসঙ্গে সার্জিও গর বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দেশটি PAX Silica উদ্যোগের অংশীদার হতে পারে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদি আমিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top