ডেস্ক রিপোর্টঃ
দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন, আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA)-এর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA)-এর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মি. শেজডন হি (Shejdon Hee)।
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অধীন বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (BATC)-কে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে আইএটিএর আগ্রহের কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, “টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। সরকার টেকসই এভিয়েশন ফুয়েল (Sustainable Aviation Fuel-SAF) নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি, আকাশপথে অপরাধ দমনে Montreal Protocol 2014 গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বৈঠকে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক আকাশ যোগাযোগ সম্প্রসারণ, বিমান পরিবহন খাতের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সরকার ও আইএটিএর মধ্যে ভবিষ্যৎ কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।











