ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ Chevening Scholarship কর্মসূচির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট, ২০২৬) থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
Chevening Scholarship-এর আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বিশ্বমানের উচ্চশিক্ষার পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘমেয়াদি যোগাযোগ, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
যুক্তরাজ্য সরকারের এ বৃত্তি মূলত ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাময় ব্যক্তিদের জন্য। আবেদনকারীদের মধ্যে অসাধারণ নেতৃত্বগুণ, প্রভাব বিস্তারের সক্ষমতা এবং নেটওয়ার্কিং দক্ষতার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অর্জন ও নেতৃত্বের বাস্তব ও প্রমাণভিত্তিক উদাহরণ তুলে ধরতে হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “Chevening Scholarship কর্মসূচি বাংলাদেশের মেধাবী তরুণদের সম্ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে এসব প্রতিভাবান ব্যক্তিকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে আগামী বহু বছর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।”
১৯৮৩ সালে কর্মসূচিটি চালুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৯৫ জনের বেশি ব্যক্তি Chevening Scholarship অর্জন করেছেন। এর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে Chevening-এর আবেদন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীদের Chevening-এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং আবেদন-সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের আবেদন প্রতিযোগিতামূলক করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
Chevening Scholarship-এর মাধ্যমে প্রতিবছর বিভিন্ন দেশের সম্ভাবনাময় ব্যক্তিরা যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ পান এবং পরবর্তীতে নিজ নিজ দেশে নেতৃত্ব, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখেন।











