ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
কানাডায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপির সঙ্গে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা করেন। বিবিসিসির ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে বিবিসিসি প্রতিনিধিদল বাংলাদেশে কানাডীয় বিনিয়োগ সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে বাংলাদেশ থেকে কানাডায় চিংড়ি রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধার অভাবে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তা তুলে ধরেন তারা।
প্রতিনিধিদল জানায়, কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক আমদানি করে। এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশ আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি কানাডার বিশাল আইটি আউটসোর্সিং বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বর্তমানে সীমিত হলেও দক্ষ জনশক্তির কারণে এ খাতে বাংলাদেশের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

এ ছাড়া কানাডার বাজারে বাংলাদেশি পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বিবিসিসি প্রতিনিধিদল জানায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশে কানাডার সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিবিসিসি প্রতিনিধিদল জানায়, বাংলাদেশি পণ্যের প্রচার ও কানাডার বাজারে রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে আগামী বছর কানাডায় একটি রোডশো আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ আয়োজনে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করে তারা।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবিসিসির প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তবে এ ক্ষেত্রে বিবিসিসিকে সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান তিনি।











