ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ সুগম করতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলো। এ মামলা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে তারা।

ইরাকের রাজধানী বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি-সংক্রান্ত ওআইসির মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটির বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা ও মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটির কো-চেয়ার হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিত ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটকে সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি এ সংকট মোকাবিলায় মানবিক সহায়তা ও আইনি কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থাপিত পাঁচ দফা কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন। এ পরিকল্পনার আলোকে রোহিঙ্গা সংকট নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষ করে আইনি কাঠামোর আওতায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।











