ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা UNO Yoshimasa (উনো ইয়োশিমাসা)।
মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করা, বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষিত ও ভাষাদক্ষ জনশক্তি জাপানের শ্রমবাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত শিল্প পার্কের মতো দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প পার্ক গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি (ম্যাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশ-জাপান অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
উভয় পক্ষই দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।











