বিজনেস ডেস্কঃ
বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইন্স ২০২৭ সালের মধ্যে তাদের বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং এবং মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাংসহ নতুন কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই, ২০২৬) সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে ইউএস–বাংলা এয়ারলাইন্সের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস–বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বর্তমানে সংস্থাটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এসব উড়োজাহাজ দিয়ে দেশের ছয়টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক রুট মিলিয়ে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নিরাপত্তা, সেবার মান, পরিচালন দক্ষতা এবং যাত্রীসন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে ইউএস–বাংলা বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইনস হিসেবে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA) এবং আইওএসএ (IOSA)-এর স্বীকৃতি অর্জন করেছে।
তিনি জানান, স্বাধীনতার পর দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে ইউএস–বাংলা চীনের একটি গন্তব্য, ভারতের চেন্নাই এবং মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের লাগেজ অবতরণের ১৫ মিনিটের মধ্যেই সরবরাহ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও আধুনিক বহর, নতুন গন্তব্য এবং উন্নত সেবার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে ইউএস–বাংলা এয়ারলাইন্স।











