July 21, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • এফএও’র সহায়তায় বাংলাদেশের কৃষি খাতে পাঁচটি নতুন প্রকল্প চালু

এফএও’র সহায়তায় বাংলাদেশের কৃষি খাতে পাঁচটি নতুন প্রকল্প চালু

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) যৌথভাবে এফএও’র টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (TCP)-এর ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। পাঁচ দশক ধরে এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এফএও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এফএও’র সহায়তায় বাস্তবায়নযোগ্য পাঁচটি নতুন উদ্যোগের উদ্বোধন, যা বাংলাদেশের কৃষি ও খাদ্যব্যবস্থার (Agrifood Systems) টেকসই রূপান্তরকে আরও গতিশীল করবে। গত ৫০ বছরে টিসিপি দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য-প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, উদ্ভাবনী প্রযুক্তির প্রসার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল আই. মোহাম্মদ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও ইউএন উইং প্রধান এ কে এম সোহেল, এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এফএও’র প্রতিনিধি জিয়াওচুন শি (Jiaoqun Shi)।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও এফএও’র অংশীদারিত্ব দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি গবেষণা ও উদ্ভাবন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নতুন পাঁচটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি ও খাদ্যব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং টেকসই করে গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।

Scroll to Top