June 22, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্তের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্তের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও দ্রুত ও বিস্তৃতভাবে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অভিবাসন প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।

সোমবার (২২ জুন, ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানো এবং শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, “আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।”

দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রথমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বক্তব্য রাখেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, গত ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথম যে শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন, তা ছিল আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে। একই সঙ্গে তিনি মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মালয়েশিয়ায় উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমরা মধুর স্মৃতি নিয়ে দেশে ফিরছি।”

দ্বিপক্ষীয় বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয় পক্ষ বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিনি জানান, যৌথ কমিশন বৈঠক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।

এছাড়া বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন দ্বিপক্ষীয় দলিল বিনিময়কে স্বাগত জানানো হয়। এসব উদ্যোগ দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরিফুল হক, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Scroll to Top