ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটোকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের আধুনিকায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিসিক শিল্পনগরীগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেনজীর আহমেদ টিটো দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় পর্যায়ে তিনি একজন দক্ষ ও সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি টাঙ্গাইলের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক অঙ্গনেও বেনজীর আহমেদ টিটো সুপরিচিত। টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।











