July 25, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • রাষ্ট্রপতির পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

রাষ্ট্রপতির পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

Image

ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।

সংবাদ ব্রিফিংয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে এবং স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থানের সব ধরনের সম্ভাবনা রোধে মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন।

তিনি বলেন, “এত দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সাংবিধানিক পদমর্যাদার কারণে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয়েছিল। কিন্তু পদত্যাগের পর তার আর কোনো ধরনের আইনি সুরক্ষা বা দায়মুক্তি নেই। ফলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে এখন আর কোনো বাধা নেই।”

আখতার হোসেন আরও বলেন, গণ–অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

সংবাদ ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, দলের নেত্রী মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Scroll to Top