ডিপ্লোম্যাটিক ডেস্ক:
অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা শনিবার (১৮ জুলাই ২০২৬) ‘সার্চ সোল, সয়েল (মৃত্তিকার সন্ধানে)’ শীর্ষক একটি দলীয় শিল্পপ্রদর্শনীর উদ্বোধন করেছে। কুন্তল বাড়ৈ-এর কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে সমকালীন সাতজন শিল্পী—বনানী সিমলাই, দীপ্র বণিক, খাইদেম সিথি সিনহা, লুৎফা মাহমুদা, মো. ফাইজুল ইসলাম, মো. হাশেম এবং রূপশ্রী হাজং—তাদের শিল্পকর্ম প্রদর্শন করছেন।
অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্থপতি শামসুল ওয়ারেস এবং বিশিষ্ট শিল্পী মঈনুদ্দীন খালেদ।








‘সার্চ সোল, সয়েল (মৃত্তিকার সন্ধানে)’ প্রদর্শনীটি স্মৃতি, ভূদৃশ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং পরিবেশের জটিল আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে নির্মিত শিল্পকর্মের এক অনন্য সমাহার। ব্যক্তিগত অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা এবং গভীর পর্যবেক্ষণ থেকে নির্মিত এসব শিল্পকর্ম বর্তমান সময়ের পরিবেশগত সংকট, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মানুষের অস্তিত্বের নানা প্রশ্নকে নতুনভাবে তুলে ধরেছে। প্রদর্শনীটি দর্শকদের প্রকৃতি, ভূমি ও মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা নিজ নিজ শিল্পভাষায় পরিবেশ, স্মৃতি ও পরিচয়ের বিভিন্ন দিক উপস্থাপন করেছেন। বনানী সিমলাই খাদ্য, মাটি ও মানব অস্তিত্বের আন্তঃসম্পর্ক এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। মো. ফাইজুল ইসলাম শিল্পায়ন ও দূষণের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাবকে শিল্পের মাধ্যমে প্রকাশ করেছেন। লুৎফা মাহমুদা অভিবাসন, পরিচয় এবং ‘বাড়ি’ ধারণার মানসিক ও সাংস্কৃতিক তাৎপর্য অনুসন্ধান করেছেন।
এছাড়া খাইদেম সিথি সিনহা মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও প্রকৃতিনির্ভর নকশার মাধ্যমে সংস্কৃতি ও প্রকৃতির গভীর সম্পর্ককে তুলে ধরেছেন। মো. হাশেম পাহাড় ও উর্বর মাটির ক্ষয়কে স্মৃতি, প্রতিরোধ এবং টিকে থাকার প্রতীকে রূপ দিয়েছেন। রূপশ্রী হাজং হাজং জনগোষ্ঠীর লোকজ আচার, বিশ্বাস ও প্রকৃতির সঙ্গে তাদের আধ্যাত্মিক সম্পর্ককে সূচ-সুতার ইনস্টলেশনের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করেছেন। অন্যদিকে দীপ্র বণিক তাঁর শিল্পচর্চায় ভূদৃশ্য, পরিবেশ এবং মানুষের হস্তক্ষেপে পরিবর্তিত প্রকৃতির সম্পর্ককে অনুসন্ধান করেছেন।
প্রদর্শনীটি আগামী ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে লা গ্যালারি, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ২৬ মিরপুর রোড (রোড নং–৩-এর কর্নার), ধানমন্ডি, ঢাকায়। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত।











