নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা জনগণের সঙ্গে করা একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি প্রত্যাশিত ও উন্নত দেশ গড়তে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতেও সরকার বদ্ধপরিকর।
সরকারপ্রধান প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শুধু কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক ও বন্ধু হিসেবে ভাবতে হবে। এতে করে জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সেবার মানও বাড়বে।
অনুষ্ঠানে বিয়াম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।











