টাঙ্গাইল প্রতিনিধি:
জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনাম এমপি, মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে জেলা পর্যায়ে সেবাপ্রদান আরও সহজ ও গতিশীল করা সম্ভব।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। জেলার অবকাঠামো উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত বিনিময় হয়।
উক্ত সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, টাঙ্গাইল, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











