দিনাজপুর প্রতিনিধি :
দেশের সবজি চাষে আধুনিক প্রযুক্তির বিস্তার, উচ্চফলনশীল জাতের পরিচিতি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে শনিবার (১৬ মে, ২০২৬) সকালে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য ‘সবজি ফসল প্রদর্শনী’। কৃষি পেশাজীবী, বীজ ডিলার ও মাঠ পর্যায়ের অংশীজনদের উপস্থিতিতে মুখরিত এই আয়োজনে মূল লক্ষ্য ছিল আধুনিক সবজি জাতের গুণাগুণ সরাসরি প্রদর্শন এবং পরিবেশবান্ধব ও টেকসই চাষাবাদ পদ্ধতির বিস্তার ঘটানো।
দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে সারা দেশ থেকে আগত ১০০ জন নিবন্ধিত বীজ ডিলার এবং সংশ্লিষ্ট কোম্পানির ৫০ জন দক্ষ কর্মীসহ প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন। মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকা এই চালিকাশক্তিদের আধুনিক কৃষির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ।
প্রদর্শনীতে ১৯টি বিভিন্ন প্রজাতির সবজি ফসলের প্রায় ১৬০টি আধুনিক ও উন্নত জাত প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা মাঠ ঘুরে জাতগুলোর ফলন সম্ভাবনা, রোগ সহনশীলতা, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন ক্ষমতা, বাজার উপযোগিতা এবং পুষ্টিগুণ সরাসরি পর্যবেক্ষণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ডিলারদের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, উত্তম কৃষি পদ্ধতি (জিএপি) এবং ব্যবহারিক জ্ঞান প্রদান করা। এর ফলে ডিলাররা মাঠ পর্যায়ে কৃষকদের চাহিদা ও মাটির গুণাগুণ বিবেচনা করে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সঠিক ও উপযুক্ত পণ্যটি সুপারিশ করতে পারবেন।
অনুষ্ঠানে আগত ডিলাররা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু পরিস্থিতি ও বাজারের চাহিদা ভিন্ন। এই প্রদর্শনীর মাধ্যমে তারা নিজ নিজ এলাকার কৃষকদের স্থানীয় চাহিদা অনুযায়ী উপযুক্ত আধুনিক জাত সনাক্ত করার দারুণ সুযোগ পেয়েছেন, যা কৃষকদের মাঝে দ্রুত সম্প্রসারণ করা সম্ভব হবে।
প্রদর্শনীতে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বক্তারা উন্নত ফসল ব্যবস্থাপনা এবং টেকসই সবজি চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
এই ধরনের কর্মসূচি মাঠ পর্যায়ের ডিলারদের সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার করবে এবং কৃষকদের মাঝে মানসম্পন্ন ও উন্নত বীজের প্রতি আস্থা বাড়াবে। যা শেষ পর্যন্ত আধুনিক সবজি জাতের ব্যবহার ত্বরান্বিত করবে, কৃষকের আয় বাড়াবে এবং দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে যুগান্তকারী অবদান রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী পরিচালক মো: আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম (গবেষণা) ড. মোঃ আরিফুল ইসলাম, এজিএম (সেলস) মোঃ আবুল মনসুর লিওন, সবজি প্রোডাক্ট ম্যানেজার মো: আব্দুল্লাহ আল মাসুদ এবং সবজি গবেষণা ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আঞ্চলিক সেলস ম্যানেজার (আরএসএম), টেরিটরি সেলস অফিসার এবং মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত থেকে প্রদর্শনীটি সফল করে তোলেন।











