June 15, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন, ২০২৬) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনালকে পর্যায়ক্রমে শহরের বাইরে স্থানান্তর করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে সরিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গির নিকটবর্তী এলাকায় স্থানান্তর করা হবে। এছাড়া গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরিত হবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে কাঁচপুরে।

প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত অপসারণ করে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশনা দেন। তিনি বলেন, পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবং নগরীর সড়ক ব্যবস্থাপনা কার্যকর করতে এ উদ্যোগ বাস্তবায়ন জরুরি।

সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপনের অগ্রগতি ও এর সুফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও সম্প্রসারণের নির্দেশ দেন।

উল্লেখ্য, রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Scroll to Top