ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার (৮ জুন ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের সরকারি উন্নয়ন সহযোগিতা সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (TİKA)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টিকার ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরচান, যিনি ৭ থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফরে রয়েছেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পথশিশু ও গৃহহীন শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে টিকার বিশেষায়িত সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে টেকসই জলবায়ু সহনশীলতা গড়ে তুলতেও সহযোগিতার আহ্বান জানান। ২০১৪ সাল থেকে টিকা বাংলাদেশে বিভিন্ন টেকসই আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
বাংলাদেশের জলবায়ুগত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে ড. আলি এরচান আগামী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ)-এ বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরামর্শ দেন। উল্লেখ্য, এ সম্মেলনের আয়োজক দেশ হবে তুরস্ক। তিনি শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে টিকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ আলোচনা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতমুখী ও ফলপ্রসূ প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।











