June 19, 2026

শিরোনাম

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

Image

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের মামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জুন দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। পরে একই দিনে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

Scroll to Top