ডেস্ক রিপোর্টঃ
দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট ২০২৬) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।




প্রধানমন্ত্রী বলেন, “যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়। দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে সরকার কাজ করবে।”
তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব খালে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মৎস্যসম্পদের উন্নয়নের মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ তৈরি হবে।
কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সামর্থ্য অনুযায়ী সরকার কৃষকদের পাশে দাঁড়াবে।” কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পরে প্রধানমন্ত্রী মাছের পোনা বিতরণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।











