ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল তিনটি শর্তে পুনরায় লাইসেন্স ফিরে পেয়েছে। সোমবার (২৭ জুলাই, ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি পুনঃতদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে।
গত ১৫ জুলাই তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটি সরেজমিনে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনটি সন্তোষজনক বিবেচিত হওয়ায় সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে।
তবে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি তিনটি শর্তে দেওয়া হয়েছে। শর্তগুলো হলো—
দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
এর মাধ্যমে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল শর্তসাপেক্ষে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি পেল।











