July 26, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ

চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

রোববার (২৬ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় তারা চা শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, চা শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে, যাতে চা শিল্পের উৎপাদন ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো সম্ভব হয়।

সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। এই কমিটি চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা করে দ্রুত কার্যকর সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য কাজ করবে।

Scroll to Top