ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের (UNICEF) অন্তর্বর্তীকালীন প্রতিনিধি (Interim Representative) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিক উন্নয়ন খাতে অভিজ্ঞ কর্মকর্তা জিলিয়ান মেলসপ।
আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমে চার দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
জিলিয়ান মেলসপের আন্তর্জাতিক উন্নয়ন খাতে কর্মজীবন শুরু হয় ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরবর্তীতে ১৯৮২ সালে তিনি অস্ট্রেলিয়ান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (AusAID)-এ যোগ দেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি বাংলাদেশ, ভারত (নেপাল ও ভুটানসহ), লাওস, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পাপুয়া নিউ গিনি এবং ফিলিপাইনে অস্ট্রেলিয়ান মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সংস্থাটির জাতিসংঘ ও কমনওয়েলথ কর্মসূচির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৩ সালের এপ্রিলে তিনি ইউনিসেফে যোগ দিয়ে ফিজির সুভায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি ‘প্যাসিফিক সাব-রিজিওনাল প্রোগ্রাম’-এর আওতায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপ রাষ্ট্রে ইউনিসেফের কার্যক্রম তদারকি করেন।
এরপর তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত নেপাল, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত চীন এবং ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইথিওপিয়ায় ইউনিসেফের প্রতিনিধি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
অবসর গ্রহণের পরও তিনি ইউনিসেফের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন। ২০২১ সালে নিউইয়র্কে ইউনিসেফের মানবসম্পদ (এইচআর) বিভাগের পরিচালক, ২০২২ সালে ভারতে ইউনিসেফের প্রতিনিধি এবং ২০২৪ সালে আফগানিস্তানে সিনিয়র এইচআর অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে জিলিয়ান মেলসপ নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান ও ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিটি কাউন্সেলিংয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রতিনিধি হিসেবে তাঁর যোগদান দেশের শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জলবায়ু সহনশীলতা এবং শিশু সুরক্ষা কার্যক্রমে ইউনিসেফের চলমান উদ্যোগকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।











