ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে শিশু শিক্ষার্থীদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।




অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ২১টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করেন।
এ সময় শিশু শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে তিনি প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আগ্রহ ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











