ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছে।
গত ১৩ জুলাই অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিব রহমান এমপি, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, থিংক ট্যাংক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁর বক্তব্যে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিপিসির সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় সিপিসি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দলের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে।
রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশের সব বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী সিপিসি। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবধর্মী সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে চায় চীন।
সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় (China-Bangladesh Community with a Shared Future) গড়ে তুলতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।











