June 2, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • রাষ্ট্র গঠনে মেধা, নৈতিকতা ও দায়বদ্ধতার সমন্বয়ে কাজ করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাষ্ট্র গঠনে মেধা, নৈতিকতা ও দায়বদ্ধতার সমন্বয়ে কাজ করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের মূল শক্তি হলো দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল প্রশাসন। দেশের অগ্রগতি, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (১ জুন, ২০২৬) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাবৃন্দ দেশের মেধাবী সন্তান। বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাষ্ট্র তাদের গড়ে তুলেছে এবং তাদের ওপরই জনগণের প্রত্যাশা সবচেয়ে বেশি। রাজনৈতিক নেতৃত্ব দিকনির্দেশনা দিতে পারে, কিন্তু প্রশাসনই রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করে।

মন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ নৈতিকতা, দক্ষতা ও সুশাসনের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকেও সেই পথে এগিয়ে নিতে হবে। দুর্নীতি, অপচয় ও অনিয়মের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব।

আহমেদ আযম খান আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top