ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) ইথিওপিয়ার ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকের প্রেসিডেন্ট তায়ে আতস্কেসেলাসি মাদে-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের শুরুতে ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানান এবং নবনির্বাচিত সরকারের প্রতি শুভেচ্ছা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক বিজয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানকে তিনি উচ্চ প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং পাটজাত পণ্যে সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি ঢাকায় ইথিওপিয়ার দূতাবাস স্থাপনের জন্য প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান।
জবাবে প্রেসিডেন্ট তায়ে আতস্কেসেলাসি মাদে ইথিওপিয়ায় বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতে বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ এবং ব্যবসায়িক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
উভয় পক্ষ জাতিসংঘ, জোটনিরপেক্ষ আন্দোলন (NAM), গ্রুপ অব ৭৭ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বহুপাক্ষিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের শেষে পররাষ্ট্রমন্ত্রী ইথিওপিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।











