April 21, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ কারণে ইতালির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তিনি জানান, ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশ–ইতালি সম্পর্ককে আরও বিস্তৃত করতে আগ্রহী।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে।

এছাড়া তিনি বলেন, নিরাপদ অভিবাসন, দ্বিপাক্ষিক শ্রমবাজার এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। পরবর্তী বৈঠক ইতালিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দনপত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অভিবাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইতালি দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Scroll to Top