ডেস্ক রিপোর্টঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন প্রতিরোধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা চাই জনগণের কাছে নির্ভুল ও সত্য তথ্য পৌঁছাক, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং গণমাধ্যমের প্রতি আস্থা আরও দৃঢ় হয়।
সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ অফিসে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে গণমাধ্যমকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন নীতিমালা সংস্কারে কাজ করা হবে।
প্রতিমন্ত্রী ভুল-ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে সরকার ও জনগণ উভয়ের উপকার হবে। অতীতের বিষয়ের পুনরাবৃত্তি এড়িয়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকসহ সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











