February 28, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, “সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।”

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণ যেন নিরাপদ বোধ করে—এটি নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই একসাথে কাজ করলে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। একই সঙ্গে দেশ থেকে দুর্নীতি দূরীকরণে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা করার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন। জাতিকে একটি সুশৃঙ্খল অবস্থানে নিয়ে যেতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

Scroll to Top