অনলাইন ডেস্কঃ
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ১৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।


ইফতার অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধায় শহীদ সেনাসদস্যদের স্মরণ করে এবং তাদের পরিবারের প্রতি সংহতি ও সহমর্মিতা পুনর্ব্যক্ত করে।











