ডেস্ক রিপোর্টঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সশস্ত্র বাহিনীর পেশাগত কার্যক্রম ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নৌবাহিনী দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা ও ব্লু ইকোনমির সম্ভাবনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
একইভাবে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা সুরক্ষায় নিরলস অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ও সক্ষমতা বজায় রাখার আহ্বান জানান।











