অনলাইন ডেস্কঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এক অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে অভূতপূর্ব বিজয়ের নেতৃত্ব দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।”
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে—বিশেষ করে বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন—বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











