February 7, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তির ওপর ভর করে বাংলাদেশকে পুনর্গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “প্রিয় ভাই-বোনেরা, আপনারা কি এমন বাংলাদেশ চান?” এরপর তিনি ধানের শীষের পক্ষে সমর্থন চান।

তারেক রহমান বলেন, “আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন, ভালোবাসা ও জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই।” তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতার নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করে দেশ গড়তে চায়।

বিএনপি’র চেয়ারম্যান আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাধারণ ও খেটে-খাওয়া মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, নিরাপদে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারবে।”

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “খালেদা জিয়া সবসময় বলতেন—বাংলাদেশ ছাড়া তাঁর আর কোনো ঠিকানা নেই। বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীও বিশ্বাস করে, বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা।” এ জন্যই জনগণের সামনে দাঁড়িয়ে দেশের পুনর্গঠনের অঙ্গীকার করেছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে মা-বোনেরা নিরাপদে কর্মসংস্থানের সুযোগ পাবে, নিরাপদে পথে চলতে পারবে। যেখানে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও আধুনিক শিক্ষা ব্যবস্থা পাবে। পড়াশোনা শেষে তরুণদের আর বেকার থাকতে হবে না—তাদের জন্য থাকবে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ।”

একইসঙ্গে ঠাকুরগাঁওবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে জানিয়েছেন, এই এলাকার এয়ারপোর্টের কাজ অনেক দূর এগিয়েছে। বিএনপি আগামী ১২ তারিখের নির্বাচনের পর সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব আমরা এই এয়ারপোর্ট চালু করব।

বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চিনিকল, রেশন কারখানা ও চা শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় সমাবেশে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন।

Scroll to Top