নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মজিবুর রহমান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বক্তব্যে মোঃ মজিবুর রহমান বলেন, “আমি মোঃ মজিবুর রহমান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”
তিনি জানান, গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গাজীপুর-১ আসনে নির্বাচিত হলে কী ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে, তা জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে এলাকার সার্বিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মপরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা অনুসরণ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর উন্নয়ন, মাদক-সন্ত্রাস ও চাঁদামুক্ত শিল্পাঞ্চল গড়ে তোলা, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, যুব ও বেকারদের জন্য প্রযুক্তিনির্ভর কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং নারী অধিকার নিশ্চিত করে তাদের স্বনির্ভর করা।
এছাড়াও উন্নত ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা, প্রবাসী ও শিল্পপতিদের এলাকার উন্নয়নে সম্পৃক্তকরণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ডাম্পিং স্টেশন ও ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পুনর্বাসন, শ্রমিক-মালিক সুসম্পর্ক, বন্ধ কারখানা চালু ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জলাবদ্ধতা নিরসন, শতভাগ বিদ্যুৎ-পানি-গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, ফ্রি চিকিৎসা ও অ্যাম্বুল্যান্স সেবা সম্প্রসারণসহ নানা উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
মোঃ মজিবুর রহমান আরও বলেন, “নির্বাচিত হলে আগামী পাঁচ বছর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গাজীপুর-১ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো। রাজনৈতিক সহাবস্থান, ন্যায়বিচার, সংখ্যালঘু ও সকল ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
শেষে তিনি বলেন, “আগামী ১২ তারিখ পর্যন্ত আপনারা আমাকে ও আমাদের প্রতীক ধানের শীষকে মনে রাখবেন। নির্বাচিত হলে ইনশা আল্লাহ গাজীপুর-১ আসনকে একটি আধুনিক, মানবিক ও উন্নত নির্বাচনী এলাকায় রূপান্তর করবো।”











