ডেস্ক রিপোর্টঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বহুল আলোচিত রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই যেন সিরিয়ালে কিছুটা এগিয়ে আনা যায়, সে বিষয়ে সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।
রোববার (৭ জুন, ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ব্যবস্থা ও পুলিশের তদন্ত কার্যক্রমের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এমনকি আদালতের বিচারক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাদের ঈদের ছুটি (জুডিশিয়াল লিভ) বাতিল করে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।”
তিনি বলেন, সম্প্রতি সংঘটিত চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি জটিল মামলার তদন্ত দ্রুত সম্পন্ন এবং আসামিদের গ্রেফতারে বাংলাদেশ পুলিশ অত্যন্ত প্রশংসনীয় ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোও দ্রুত সম্পন্ন হলে দেশের মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও আস্থা পাবে এবং অপরাধীদের জন্য এটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, সরকার নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।











