August 13, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মার্কিন বেসরকারি খাতের সহযোগিতায় বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহ্দী আমিন

মার্কিন বেসরকারি খাতের সহযোগিতায় বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহ্দী আমিন

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের সহযোগিতা নিয়ে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মাহ্দী আমিন এসব কথা জানান।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের আরও বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

মাহ্দী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হবে বলে সরকার আশাবাদী।

তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফল বৈঠকের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেদিকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৫০ জন উচ্চপদস্থ ব্যবসায়ী ও নির্বাহী কর্মকর্তা এই প্রতিনিধিদলে অংশ নেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

প্রতিনিধিদলে থাকা যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠান হলো— ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অব কমার্স, এক্সিলারেট এনার্জি, শেভরন, মেটা (ফেসবুক), ভিসা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল, মেটলাইফ, বোয়িং, উবার, এশিয়া গ্রুপ, এপিআর এনার্জি, ভেনভা, ভিএফ কর্পোরেশন, কোর্তেভা এগ্রিসায়েন্স, সেলসফোর্স, উলকা সেমি, পাঠাও, সিসকো, অ্যাবট, মেট্রোট্যাক, এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অ্যানকোরলেস এবং ড্রিঙ্কওয়েল।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

Scroll to Top