ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শ বৈঠকে দুই দেশের দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, নিরাপত্তা, প্রতিরক্ষা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উন্নয়ন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্রুত বর্ধনশীল বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। এ বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে নতুন বিনিয়োগ এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া মসৃণ ও টেকসই করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে। এ ক্ষেত্রে ২০৩২ সাল পর্যন্ত কানাডার সংশ্লিষ্ট অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশি পণ্যের জন্য বিশেষ বাজারসুবিধা অব্যাহত রাখার কানাডার অভিপ্রায়কে স্বাগত জানানো হয়। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ ও অংশীদারত্ব জোরদারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে কানাডার দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে দেশটি। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের অক্টোবর মাসে বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী র্যান্ডিপ সারাই ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের নতুন সহায়তা ঘোষণার বিষয়টি তুলে ধরেন।
এ সহায়তার লক্ষ্য বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা। এর মধ্যে অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবন বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় বৈঠকের আলোচনায় স্থান পায়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশে ১২ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে বলে জানানো হয়। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। এ সময় দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানায় উভয় দেশ এবং রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় এর গুরুত্ব তুলে ধরে।
বৈঠক শেষে বাংলাদেশ ও কানাডা তাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বের ইতিবাচক অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, বহুপক্ষীয় সহযোগিতা এবং ভূরাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দুই দেশ।











