ডেস্ক রিপোর্টঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) রাত ৮ টায় বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, “নগর উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন নয়। প্রকৃত নগর উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত হয়। আমাদের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং প্রতিটি তরুণের জন্য প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা।”
বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে।”

খেলোয়াড়দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “একটি ট্রফি আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু আপনার আচরণ, সততা ও ক্রীড়াসুলভ মনোভাবই আপনাকে প্রকৃত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। জয়ী হলে বিনয়ী থাকতে হবে এবং পরাজিত হলে সাহস হারানো যাবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।











