ডেস্ক রিপোর্টঃ
দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক ব্যবস্থার প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা দূর করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে আশ্বস্ত করতে চায় যে, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সম্পদের গুণগত মান যাচাইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (এ-কিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় সমাপ্তির পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ পর্যালোচনার মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে। খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে সাম্প্রতিক পরিবর্তন মূলত দীর্ঘ সময়ের পুঞ্জীভূত দুর্বলতার প্রতিফলন, যা কেবল গত দুই বছরের কার্যক্রমের ফল নয়। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আশাবাদও ব্যক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
এসব পদক্ষেপের আওতায় কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ম প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনাও প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
পরিকল্পনাগুলো আগামী চার বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি সংস্কারের আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, আগামী চার বছরে এসব সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। এর ফলে আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা বাড়ার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার।











